
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০০:২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, নিজের মেয়ে তাহমিনার নির্দেশ ও চাপেই তিনি যশোর থেকে হেরোইনের এই চালান ঢাকায় নিয়ে আসছিলেন।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে হেরোইনের চালান আসার খবর পান কর্মকর্তারা। এর ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধোলাইপাড় গোল চত্বর এলাকায় বাসটির গতিরোধ করে। বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হিসেবে মাসুমা খাতুনকে আটক করা হয়। পরে নারী সদস্যদের সহায়তায় তার পোশাকের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানান, তার মেয়ে তাহমিনা তাকে মাদক পরিবহনের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেন। মেয়ের নির্দেশেই তিনি এই হেরোইন ঢাকায় নিয়ে আসছিলেন। এমনকি এর আগেও তিনি একইভাবে আরও দুই বার মাদকের চালান বহন করেছেন বলে স্বীকার করেন।
ডিএনসির প্রাথমিক অনুসন্ধানেও যাত্রাবাড়ী এলাকায় তাহমিনার মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মাদক কারবারে অপেক্ষাকৃত বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করার বিষয়টিকে বিশেষ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিএনসি। এটি কোনো সংঘবদ্ধ মাদকচক্রের পরিকল্পিত কৌশল কি না, তা নিয়ে তদন্ত চলছে। গ্রেফতার মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল ফোনের তথ্য ও গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের উৎস, সরবরাহকারী এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।