
পুলিশের ধাওয়া খেয়ে উত্তরার সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি: সময় সংবাদ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় একঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতনের পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এ সময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ পেছনে ফিরে এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ বুধবার (১৩ অক্টোবর) সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। নির্ধারিত দিনে বেতন না দিয়ে তালবাহানা করতে থাকেন কর্তৃপক্ষ। এদিকে আজকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখেন। পরে তাদের বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে তাদের যে অভিযোগ কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেয়া হয়েছে তা সঠিক নয়।