
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:১৮

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে আহত জামায়াত কর্মী মিজানুর রহমান। ছবি: সময় সংবাদ
নোয়াখালীর বেগমগঞ্জে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামের এক জামায়াত কর্মীকে গুলি করেছে মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটের ‘মিজান স্টোর’-এ হামলার এ ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজের মুদি দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন মিজান। এ সময় মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে প্রবেশ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের বাঁ পাশে, বাঁ হাত ও বাঁ পায়ের ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, ‘মিজান আমাদের দলের কর্মী। ২০২০ সালেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছিল। সে সময় তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল। এবার মুখোশ পরে দোকানে ঢুকে তাকে গুলি করা হয়েছে। মুখোশ পরা থাকায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ হামলার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করছি।’
আহত মিজানের স্বজনদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এ ধরনের ঘটনা ঘটে। এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আসিফ মোহাম্মদ বখতিয়ার জানান, পেটে গুলি লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘ছররা গুলিতে ওই জামায়াত কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’