
কুতুবদিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল জেলেপাড়ার ৩৩ ঘর
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৭

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত পুলিশের এসআই ও স্থানীয় বিএনপি নেতা। ছবি: সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জে রাতে টহল চলাকালে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই মিজানুর রহমান কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। নিহত বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাতে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টহল ও পরোয়ানা তামিলের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। টহলের একপর্যায়ে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন তারা। ওই সময় স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। এমন সময় অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানের ধাক্কায় সবাই ছিটকে পড়েন। এসময় চালক এসআই মিজানুর রহমানকে গাড়ির নিচে আটকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যান। পরে রাস্তার পাশে তাকে ফেলে রেখে দ্রুত ঘোড়াশালের দিকে কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যান চালক।
পরে স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ৫৫ মিনিটে বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, আহত পিএসআই জাবেদ ওমর ঢামেক হাসপাতালে এবং কনস্টেবল ফজলে রাব্বি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চালককে শনাক্ত ও ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।