
নিরাপত্তা ইস্যুসরাইল থানায় গিয়ে ওসির ওপর চটলেন রুমিন ফারহানা
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৩৪

গাইবান্ধা বাবার মৃত্যুর পর সম্পদের ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধের জেরে মৃত বাবার দাফনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। সম্পত্তির ন্যায্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত বাবার দাফন সম্পন্ন করতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত ব্যক্তি নাজির উদ্দিন বেপারী। তার ছেলে ইদ্রিস আলী ও মেয়ে হালিমা বেগম। হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। এতে তিনি পৈতৃক সম্পত্তির কোনো অংশ পাননি বলে দাবি করেন।
নাজির উদ্দিন বেপারীর মৃত্যুর পর তার দাফন সম্পন্ন করার জন্য এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে জানানো হয়। কিন্তু দাফনের প্রস্তুতির একপর্যায়ে সম্পত্তির ভাগ নিয়ে আপত্তি তোলেন মেয়ে হালিমা বেগম। তার দাবি, বাবার সম্পত্তি থেকে তার ন্যায্য অংশ বুঝিয়ে দিতে হবে। অন্যথায় বাবার কাফন ও জানাজা সম্পন্ন করতে দেয়া হবে না।
এ নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা মীমাংসার উদ্যোগ নেন। এ সময় হালিমা বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা দেয়ার একটি প্রস্তাব দেয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
হালিমা বেগমের দাবি, তিনি কোনো নির্ধারিত টাকা চান না; বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার চান। সেই অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাবার দাফনে সম্মতি দেবেন না বলেও অনড় রয়েছেন তিনি। একদিকে মৃত বাবার দাফনের প্রস্তুতি ও অন্যদিকে সম্পত্তির অধিকার নিয়ে মেয়ের অনড় অবস্থানে এলাকায় চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইস্তেকার হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে পারিবারিক এ বিরোধের সমাধানে চেষ্টা চালানো হচ্ছে।