
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১:৪৩

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: সময় সংবাদ
সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের দৈনিক খাবারের মাথাপিছু বরাদ্দ ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। পাশাপাশি দেশের সনাতন ও চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থাকে পরিবর্তন করে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘সরকারি হাসপাতালে রোগীদের খাবারের জন্য জনপ্রতি বরাদ্দ মাত্র ১৭৫ টাকা। ভ্যাট-ট্যাক্স কেটে নিলে হাতে থাকে ১৪৯ থেকে ১৫০ টাকা। এই টাকায় একজন মানুষের তিন বেলা খাওয়া খুবই কষ্টকর। তাই এই বরাদ্দ বাড়িয়ে ২৫০ টাকা করা হবে।’
প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থা সনাতন এবং মূলত চিকিৎসানির্ভর। এটিকে পরিবর্তন করে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় নেয়ার প্রক্রিয়া চলছে। এ জন্য প্রধানমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য ও উন্নয়নকর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে চলতি বছরই ৪৩ থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেয়া হবে। বর্তমানে কর্মরত ৪০ হাজার স্বাস্থ্যকর্মীসহ মোট ১ লাখ ৪০ থেকে ৪৫ হাজার কর্মী গ্রামাঞ্চলে কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, একজন স্বাস্থ্যকর্মী তার স্বাস্থ্য পরীক্ষার বক্স নিয়ে প্রতি বছর দেশের প্রতিটি ঘরে অন্তত তিন থেকে চারবার যাবেন এবং পরিবারের সবার স্বাস্থ্য পরীক্ষা করবেন, যাতে যেকোনো রোগ আগেই শনাক্ত করা যায়। কারণ বর্তমানে অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছেন, তা মূলত দেরিতে রোগ শনাক্ত হওয়ার কারণেই ঘটছে।’
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো অপর্যাপ্ত আইনের মধ্য দিয়ে চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, ‘১৯৮২ সালের একটি অধ্যাদেশ দিয়ে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো চলছে। অথচ ঢাকা ও বড় শহরগুলোর ৬০ থেকে ৬৫ শতাংশ চিকিৎসাসেবা বেসরকারি খাতনির্ভর। আইনগত এই দুর্বলতার কারণে অনিয়ম বা অপরাধ হলেও অনেক সময় ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি নিয়েও সরকার কাজ করছে।’
সভায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভিন্ন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ স ম মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।