
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন
সুজাউদ্দিন রুবেল, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২:৩০

ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালের ফ্লোরেও জায়গা ফুরিয়ে আসছে। ছবি: সময় সংবাদ
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। ২০ শয্যার ডেঙ্গু ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন এর প্রায় দ্বিগুণ। ফলে অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের ৮ অক্টোবরের সবশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ হাজার ১৫১ জনের। এর মধ্যে রোহিঙ্গা শিবিরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৫ জন। সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন বয়স্ক নারী ও পুরুষ এবং ছয়জন শিশু।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে নতুন করে ৬২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৩ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৮ জন।
শয্যার চেয়ে রোগী বেশি
সরেজমিনে কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু ব্লকে গিয়ে দেখা যায়, সেখানে শয্যা রয়েছে মাত্র ১০টি। বিপরীতে ভর্তি আছেন ২৪ জন রোগী। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
নারী ও শিশু মেডিসিনের ডেঙ্গু ব্লকের চিত্রও একই। রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেখানে জায়গা সংকট দেখা দিয়েছে। অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, মেঝেতে চিকিৎসা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় মশারি ও অন্যান্য সেবা পেতেও তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ইব্রাহীম বলেন, ‘হাসপাতালে এসে এখনো কোনো সিট পাইনি। গতকাল থেকে হাসপাতালে ভর্তি আছি। শয্যা না পাওয়ায় খুব সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমানে অন্য একজন রোগীর সিটে বসেই থাকতে হচ্ছে।’
আরেক রোগীর স্বজন মরিয়ম বেগম বলেন, ‘আমার স্বামী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এখনো কোনো সিট নেই। মেঝেতেই শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। একজনের সিটে দুজনকে থাকতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য মশারি দেওয়া হলেও আমাদের মশারি দেওয়া হয়নি।’
ডেঙ্গু আক্রান্ত এক শিশুর বাবা রতন দাসের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনের সময় নার্সদের পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘একটি প্রয়োজনের জন্য নার্সকে ডাকতে তিন-চারবার যেতে হয়। বারবার অনুরোধ করলেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। এতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
জনবল সংকটে হাসপাতাল
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৪০-এর নিচে। জুলাই থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। রোগীর চাপ বাড়লেও সে অনুযায়ী চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীর সংখ্যা বাড়েনি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মেরিনা হেমরক বলেন, ‘আগের তুলনায় বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। কিন্তু রোগীর সংখ্যা বাড়লেও সে অনুযায়ী আমাদের ডাক্তার, নার্স ও অন্যান্য সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়েনি। ফলে প্রয়োজনের তুলনায় আমরা জনবল সংকটে রয়েছি।’
তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীর সংখ্যা বাড়ানো গেলে রোগীদের সেবা দেওয়া সহজ হবে এবং চিকিৎসাসেবার মানও উন্নত করা সম্ভব হবে।
জটিল রোগীদের বিশেষ নজরদারি
কক্সবাজার জেলা সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. ইয়াছিন আরাফাত বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসকদের সংকটের মধ্যেই কাজ করতে হচ্ছে। তবে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা কর্নার করা হয়েছে।
তিনি বলেন, জটিল অবস্থায় থাকা রোগীদের শনাক্ত করে সকাল-বিকেল এমনকি প্রয়োজন অনুযায়ী ঘণ্টায় ঘণ্টায় পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগী স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাঁদের প্রতি বিশেষ নজর রাখা হয়। এ কারণে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুহার তুলনামূলকভাবে কম।
ডা. ইয়াছিন আরাফাত বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই সময়ে ডেঙ্গুর প্রকোপ সাধারণত বেশি দেখা যায়। গত সেপ্টেম্বরে কক্সবাজার সদর হাসপাতালে প্রায় ২০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগস্টে ভর্তি ছিলেন ১৬৮ জন। চলতি অক্টোবরেও রোগীর চাপ বেশি রয়েছে।
মশার প্রজননস্থল ধ্বংসের পরামর্শ
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ডাবের খোসা, বালতি, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ছাদ কিংবা আঙিনায় পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডা. ইয়াছিন আরাফাত বলেন, দিনের বেলায় মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরার অভ্যাস করতে হবে। যেসব এলাকায় মশার উপদ্রব বেশি, সেখানে দিনের বেলাতেও মশারি ব্যবহার করা যেতে পারে।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকেও মশারির ভেতরে রাখতে হবে। কারণ আক্রান্ত ব্যক্তিকে কোনো মশা কামড়ানোর পর সেই মশার মাধ্যমে অন্যরাও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। তাই ডেঙ্গু প্রতিরোধে একদিকে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে, অন্যদিকে আক্রান্ত রোগীকেও মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে হবে।
কক্সবাজার সদর হাসপাতালে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত বছর কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১ হাজার ২১০ জন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছিল।