
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৮

সদর উপজেলার বিলাশনগর এলাকার আগুন। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি গার্মেন্টসের ঝুটের গুদামের সব মালামাল পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের।
রোববার (১১ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার বিলাশনগর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ি ইমরান হোসেন জহির, সোহেলসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, তাদের অনেকেই ব্যাংক এবং এনজিও থেকে অর্থ ঋণ নিয়ে গুদামগুলোতে ঝুট ব্যবসা করে আসছেন। প্রতি গুদামে কমপক্ষে ৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত মূল্যের মালামাল মজুত ছিল। রাতে হঠাৎ একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। পুঁড়ে যায় ৩০টি গুদামের অন্তত কয়েক কোটি টাকার মালামাল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবুমার্কেট স্টেশনের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।