
খুলনায় বাড়ির সামনে যুবককে প্রকাশ্যে গুলি
প্রতিবেদক, ভৈরব
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১০:০

ভৈরব থানা। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে দ্বন্দ্বে মারধরের ঘটনায় আদালত বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ উঠেছে নিহতের দেবরের ছেলেদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণ পাড়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আদালত বেগম ওই এলাকার রেজ্জাক মিয়ার স্ত্রী। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণ পাড়া হাজী বাড়িতে রেজ্জাক মিয়া, আব্দুল খালেক ও আব্দুর রশীদ এই তিন ভাইয়ের ৯ শতাংশ জমি রয়েছে। সমান বণ্টন অনুযায়ী তিন ভাই ৩ শতাংশ করে জমি পাবেন। কিন্তু আব্দুল খালেক ও আব্দুর রশীদ মিয়ার ছেলেরা জমি সমানভাবে বণ্টন না করে জবরদখল করে রেখেছে। সেই সম্পত্তি রেজ্জাক মিয়ার পরিবার দাবি করলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বাড়িতে পুলিশ যায়। পুলিশ চলে যাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আদালত বেগম দৌড়ে গিয়ে বাড়ির পাশে একটি মসজিদের সামনে মোনাজাত ধরে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেন। পরক্ষণেই তিনি সেখানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
ভাতিজাদের হাতে চাচির মৃত্যুর খবরের পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আদালত বেগমের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মারধরের পর মসজিদের সামনে আদালত বেগমের মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে নিহতের ছেলে শাহিন মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে চাচাতো ভাই শামসুল আমিন ও সাইফুল মিয়ার পরিবারের সঙ্গে তিন ভাইয়ের তিন শতাংশ করে মোট ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিকেলে বাড়িতে পুলিশ এসে চলে যাওয়ার পর চাচাতো ভাইয়েরা আমার মাকে মারধর করে হত্যা করেছে।’
এদিকে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে তাদের বাড়িতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের মুঠোফোনগুলোও বন্ধ পাওয়া যায়। অন্যদিকে এ বিষয়ে প্রতিবেশীরাও কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘আমাদেরও মৃত্যুর ভয় রয়েছে। আমরা কিছুই বলতে পারব না।’
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, জমি নিয়ে নিহত আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলেদের দ্বন্দ্ব ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’