
টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪
প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৮:৫৫

গৌরীপুর থানা। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে ওয়াসকুরুনি নামের দুই বছরের এক শিশুকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির জন্মদাতা মা মোছা. শেফালী আক্তার গৌরীপুর থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে অভিযুক্ত বাবা আব্দুল কাদির ও সৎ মা আকলিমাকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল কাদিরের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে। ২০১৫ সালে তিনি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বড় কালীহর গ্রামের মোছা. শেফালিকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) নামের দুটি সন্তান রয়েছে। গত বছরের (২০২৫ সাল) নভেম্বর মাসে আইনিভাবে আব্দুল কাদির ও শেফালীর বিবাহবিচ্ছেদ ঘটে। বিবাহবিচ্ছেদের এক সপ্তাহ পরই কাদির বিয়ে করেন কাশিমপুর গ্রামের আকলিমাকে। এরপর ওই দুই সন্তান এবং দ্বিতীয় স্ত্রী আকলিমাকে নিয়ে আব্দুল কাদির একসাথেই বসবাস করতেন।
গত মঙ্গলবার দুপুরে আকলিমা শিশু ওয়াসকুরুনিকে ডিম ও পানি খাওয়ায়। এরপর শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়াতে বিছানায় নিয়ে গেলে সে কাশতে শুরু করে। কাশির শব্দ শুনে ঘরে ছুটে আসেন দাদি আছিয়া আক্তার এবং তিনি শিশুটির মুখে বিষের গন্ধ পান। পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির মা শেফালী আক্তার বলেন, ‘আকলিমার সাথে পরকীয়ার কারণেই কাদির আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করে। মঙ্গলবার আমার ছোট ছেলেকে তারা দুজন মিলে বিষ খাইয়ে হত্যা করেছে। আমাকে না জানিয়ে সৎ মাকে আসল মা সাজিয়ে হাসপাতাল থেকে ছেলের লাশ বাড়িতে নিয়ে আসে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
তবে বাবা আব্দুল কাদির বলেন, ‘ঘটনার দিন আমি ছেলে ওয়াসকুরুনিকে ভালো দেখে খড় আনতে বিলে যাই। সেখানে থাকা অবস্থায় খবর পাই ছেলে বিষ খেয়েছে। পরে এসে তাকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালেই সে মারা যায়।’
শিশুটির দাদি আছিয়া বলেন, ‘ঘটনার দিন নাতির কাশি শুনে ঘরে ঢুকে দেখি তাকে নিয়ে তার সৎ মা শুয়ে আছে। তখন তাকে সেখান থেকে টান দিয়ে বের করে দেখি মুখে বিষের গন্ধ। পরে তার চাচারা হাসপাতালে নিয়ে গেলে নাতি মারা যায়।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।’