
সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
প্রতিবেদক, মোংলা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১:০

সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: সময় সংবাদ
সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক এবং সেই ধারাবাহিকতায় রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলার নারিকেলতলা মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগই প্রমাণ করে বর্তমান সরকার পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি সম্প্রসারণে কতটা সুদৃঢ়।
তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরে জানান, আগামী ৫ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের রূপরেখা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে এবং এই ধারা অব্যাহত রাখতে সরকারি ভবন, স্কুল-কলেজের ছাদসহ স্থানীয় সরকারের ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে জ্বালানি খাতে আমাদের আমদানি-নির্ভরতা বহুগুণে কমবে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক ও বিদ্যুৎ খাতের ওপর আর্থিক চাপ অনেকটাই কমে আসবে।
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক স্লোগানে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা ও দ্রুত পরিবেশবান্ধব জ্বালানি সম্প্রসারণের দাবিতে এ জনসমাবেশের আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ এবং ‘পশুর রিভার ওয়াটারকিপার’।
‘ধরা’র কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রমিকনেতা মাহবুবুর রহমান মানিক এবং কৃষকনেতা বদরুল আলমসহ আরও অনেকে।
এ ছাড়া সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান, মিশন গ্রিন বাংলাদেশের আহসান রনি, হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্সের সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশনের মাসফিকুল হাসান টনি, ক্লাইমেট ফ্রন্টিয়ারের জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশনের আসাদুজ্জামান তুহিন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে শরীফ জামিল সরকারের রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদনকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান। সমাবেশ সঞ্চালনা করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
সমাবেশের শেষাংশে জলবায়ু পরিবর্তন ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাঘের মহড়া, পুতুলখেলা, বাউলগান ও ঐতিহ্যবাহী গাজীর গানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।