
ইংলিশ মিডিয়াম ও মূলধারার শিক্ষার সমতা নিশ্চিতে বিশেষ কমিটি হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা সময়
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৮:৫

ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ‘গেস্ট অব অনার’ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। ঢাবির জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে ৫৪তম সমাবর্তনে যোগ দেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেয়ার বিষয়ে সম্মতি জানান। অন্যদিকে, প্রধানমন্ত্রী গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে এরইমধ্যে সম্মতি দিয়েছেন।
সাক্ষাৎকালে শিক্ষা ও গবেষণার মান আরও বাড়িয়ে ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঢাবি শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, এটি দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও প্রধান কেন্দ্রবিন্দু।
একই সঙ্গে এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম। সভায় সমাবর্তন আয়োজনের জন্য একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে দেয়া হবে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ১ নভেম্বর আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।