
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯

৭৫ বছর বয়সে না ফেরার দেশে বলিউড অভিনেতা নানা পাটেকর। ছবি: সংগৃহীত
হৃদ্রোগে আক্রান্ত হয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। মৃত্যুর আগে ভারতের গোয়ার ফ্ল্যাটে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন নানা। এ প্রসঙ্গে অভিনেতার ছেলে মালহার পাটেকর জানান, ঘটনার দিন পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। মুঠোফোনে বাবার অসুস্থতার খবর পেলে তিনি দ্রুত ওই ফ্ল্যাটে একটি মেডিকেল টিম পাঠান।
মেডিকেল টিমের চিকিৎসকরা জানান, তারা ফ্ল্যাটে পৌঁছে অভিনেতাকে অচেতন অবস্থায় দেখতে পান। নানাকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পর দ্রুত গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের চিকিৎসকেরা স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকরকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসপাতালে নানার কোনো নিবন্ধনকৃত রোগীর নথি না থাকায় নিয়ম অনুযায়ী চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করেন। তাই অভিনেতার মৃত্যুর ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নানা পাটেকরের মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি নিশ্চিত হতে আজ বৃহস্পতিবারই ময়নাতদন্তের জন্য তার মরদেহ গোয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে অভিনেতার মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, নানা পাটেকরের শেষ ইচ্ছা অনুযায়ী পুনেতে অবস্থিত তার খামারবাড়িতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে আজ রাতেই। মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলারের ঘোষণা অনুযায়ী, মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে অভিনেতার অবদানের স্বীকৃতিস্বরূপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন সরকার এ প্রবীণ অভিনেতাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাবে।