
টাইগার শ্রফকে হত্যাচেষ্টার পর ‘অপারেশন সম্পন্ন’ বার্তা, তদন্তে পুলিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৫:০

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার হওয়া রেহানের শাস্তি চেয়েছেন বাবা। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার তিনজন। তাদের একজন ১৮ বছরের রেহান। তবে এই গ্রেফতারির পর সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই বাবার! এমনকি ছেলের অপরাধ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির পক্ষেই মন্তব্য করেছেন তিনি।
মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে রাজস্থানের কোটায় গ্রেফতার করা হয় হরিয়ানার সোনিপতের বাসিন্দা রেহানকে। আটক হওয়া বাকি দুজনের একজন ১৭ বছরের কিশোর, অন্যজন ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন। তিনি মুম্বাইয়ে র্যাপিডো চালাতেন।
ছেলের গ্রেফতারি নিয়ে বাবা শুদীনের বক্তব্য, বহু বছর ধরেই রেহানের সঙ্গে তার যোগাযোগ নেই। ছেলের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও কিছু জানেন না তিনি। তবে তার স্পষ্ট কথা, ‘আইন নিজের পথে চলুক। ছেলের যে শাস্তি প্রাপ্য, তা-ই দেওয়া হোক।’
রেহানের অতীতও এখন আলোচনায়। নবম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দেয়া এই যুবকের বিরুদ্ধে আগেও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ উঠেছিল। গত ১৯ আগস্ট সেই মামলায় গ্রেফতারের পর মায়ের উদ্যোগে জামিনে মুক্তি পায় সে। রেহানের খালা আফসানা জানান, জেল থেকে বেরিয়ে ঝালাইয়ের কাজ শুরু করেছিল রেহান। ঈদের সময় বাড়িতে এসে আবার চলে যায় সে।
রোববার মুম্বাইয়ে একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়। অভিনেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হন তার গাড়িচালক। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন এই হামলা?
টাইগার শ্রফই কি ছিলেন লক্ষ্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আটক হওয়া ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি হামলার নেপথ্যে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।