
আজ কোথায় কী? (১১ অক্টোবর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৭:২

সোমবার (১২ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্য, ওষুধ, এলপিজি সিলিন্ডার ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এতে প্রধান বক্তা থাকবেন ক্যাবের সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশে এলপিজির মূল্যবৃদ্ধি, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং সংগঠনটির বিভিন্ন দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি মো. সেলিম খান। দেশের বিভিন্ন প্রান্তের এলপিজি ব্যবসায়ীরাও এতে অংশ নেবেন।
দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের তৃতীয় তলার সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির প্রথম ধাপে ১২ অক্টোবর থেকে সারাদেশে একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ শুরু হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
দুপুর পৌনে ৩টায় রাজধানীর মিরপুর-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।