
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি
সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের নাগালে নিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না হওয়ায় অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গর্ভকালীন সময়ে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা হেনস্তার শিকার হওয়া ঠেকাতে হবে। এ জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে কম খরচে উপজেলা পর্যায়েও এসব সেবা চালুর পরিকল্পনা রয়েছে।