
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৮

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত - ফাইল ছবি
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের আগাম প্রস্তুতির কারণে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলা একাডেমিতে মানসিক স্বাস্থ্য নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার এবার হাত গুটিয়ে বসে থাকেনি; চার মাস আগেই ডেঙ্গু মোকাবিলার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রায় দুই মাস আগেই পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছিল যে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরজুড়ে ডেঙ্গুর পিক বা চূড়ান্ত প্রকোপ দেখা দেবে, যা নভেম্বর পর্যন্ত চলতে পারে। চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ফলে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে। একসময় যেখানে আক্রান্তদের মধ্যে প্রতি হাজারে পাঁচজনের মৃত্যু হতো, এখন তা হাজারে তিনজনে নেমে এসেছে।
তিনি বলেন, ২০২৩ সালের ভয়াবহ পরিস্থিতির তুলনায় এবার আক্রান্তের সংখ্যা ও তীব্রতা অনেক কম হলেও বর্তমান পরিস্থিতিকে সরকার কোনোভাবেই হালকাভাবে দেখছে না। প্রতিটি মৃত্যুই অত্যন্ত বেদনার এবং সরকার সংক্রমণ শূন্যের কোঠায় নামাতে কাজ করছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, খোদ প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সংগঠনের প্রায় ১ হাজার তরুণ স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেছেন। এ ছাড়া প্রতি শনিবার দেশের সব সরকারি প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। স্কুল-কলেজ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দেশব্যাপী এই তৎপরতা ছড়িয়ে দেওয়া হয়েছে।