
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৯:৫৩

সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে দিল্লিতে অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে শুরু হওয়া এ অভিযান শনিবার সকালেও চলে। দিল্লির বিভিন্ন জেলা ও সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দক্ষিণ-পূর্ব দিল্লির শাহিনবাগ ও জামিয়া নগর এলাকায় বিক্ষোভকারীদের শনাক্ত করার পর ২৫০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। এছাড়া পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লি থেকে শতাধিক মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং বিমানবন্দরের আশপাশের এলাকা থেকেও বহু লোকজন আটক করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা, এরকম দিল্লির বাইরে থেকে আসা ২৫০টির বেশি ট্রেন এবং লোকাল ট্রেনের চলাচল বাতিল করা হয়।
এদিকে মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দিপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে সহায়তা করার আপনার দিন শেষ হয়ে গেছে।’
যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় দিপকেসহ অন্যান্য নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন, ১০ অক্টোবর যন্তর মন্তর ২.০-তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
অন্যদিকে শুক্রবার রাতে রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করেন ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্য ও নেতারা। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী প্রতিনিধিদলের সদস্যরা। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন ১৬টি দলের ১৬ নেতা।