
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৮:৩২

শান্তিতে নোবেল পুরস্কার নাভেনথাম নাভি পিল্লাই। ছবি: রয়টার্স
শান্তিতে নোবেল পুরস্কার জয়ের খবর শোনার পর প্রথমে সেটিকে সত্য বলে বিশ্বাস করতে পারছিলেন না নাভি পিল্লাই। খবরটি শুনে মজা করে তিনি বলেন, ‘পুরস্কারটি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন।’
আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাভেনথাম নাভি পিল্লাই।
শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনের শাসন বজায় রাখার গুরুত্বকে সামনে এনেছে।
পিল্লাই নোবেল পুরস্কার পাওয়ার খবর পান ক্রিস্টফ নামের একজনের কাছ থেকে। ক্রিস্টফ তাকে জানান, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর কিছু লোকজনও জড়ো হয়ে তাকে অভিনন্দন জানাতে থাকেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিল্লাই বলেন, ‘এটা নিশ্চয়ই মজা। আপনাদের করতালি আমার কাছে অনেক কিছু।’ তিনি আরও বলেন, ‘আমি একজন আইনজীবী ও বিচারক। তাই বিষয়টি এখনো যাচাই করে নিতে চাই।’
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে রসিকতা করেন পিল্লাই। তিনি বলেন, ‘আপনারা যদি আরেকটু বেশি করতালি দেন, তাহলে হয়তো এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি।’
উল্লেখ্য, গত বছরের শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের জানুয়ারিতে নিজের নোবেল পদকটি ট্রাম্পকে উপহার দিয়েছিলেন।
শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস অসলোতে সংবাদ সম্মেলনে এবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করেন।
এসময় ফ্রিডনেস বলেন, কমিটি আসলে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইয়ের সাথে যোগাযোগ করতে পারেনি।
এরপর ফ্রিডনেস হাসতে হাসতে বলেন, ‘তাই তার প্রতি আমার বার্তা হলো—নরওয়ের কোনো নম্বর থেকে ফোন এলে দয়া করে তা ধরবেন। আমরা খুব শিগগিরই আপনার সাথে কথা বলতে চাই।’
সূত্র: বিবিসি