
রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার আগে কেন সতর্কবার্তা দেয়া হয়নি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৮:৪৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এপি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তাদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি।
সোমবার (১২ অক্টোবর) হোয়াইট হাউসে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন, তা জানতে চান এক সাংবাদিক।
জবাবে ট্রাম্প বলেন, ‘হুতিরা খুব খারাপ আচরণ করছে। এটা মোটেও ভালো নয়।’
গত কয়েকদিন ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিকবার হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দুই দিন ধরে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। সোমবার স্থানীয় সময় রাতে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি সামরিক বাহিনী। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী।
এর আগে বাসিন্দাদের মোবাইলে পাঠানো হয় আকাশপথে হামলার সতর্কবার্তা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
এর আগে বিমানবন্দরের টার্মিনাল-৪-এ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সময়ে বিমানবন্দরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবিও করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ধারাবাহিক হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা ও স্থাপনার ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে ফ্লাইট চলাচল বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে কর্তৃপক্ষ।
এ অবস্থায় সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতিদের সংলাপে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছেন। তেহরানের দাবি, আরব উপদ্বীপে উত্তেজনা বাড়লে লাভবান হবে ইসরাইল।