
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২২:৩৭

দর্শনার্থীদের বিপুল ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি পূজামণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বিপুল ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে বহু দর্শনার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। এর মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে বহু দর্শনার্থী আহত হন।
জানা যায়, দুর্ঘটনার পরেই পূজামণ্ডপের আলো নিভিয়ে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় প্রবেশ ও বেরোনোর একাধিক পথ। আহতদের দ্রুত কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। ভিড় নিয়ন্ত্রণ এবং উদ্ধারকাজ চালাতে তৎপরতা শুরু হয়। ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মণ্ডপের কোনো অংশের কাঠামো ভেঙে পড়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
পূজার অন্যতম উদ্যোক্তা বিকাশ দাস গণমাধ্যমকে জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। আহতদের হাসপাতালে নেয়াই এখন প্রধান অগ্রাধিকার। ভিড়ের চাপে দর্শনার্থীরা একে অপরের ওপর পড়ে গিয়েছিলেন, নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।