
প্রশ্ন ফাঁসের অভিযোগ, যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৫:৯

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় পরীক্ষাটি পুনরায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষার আনুষঙ্গিক তথ্য দ্রুতই মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এদিকে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ কারণে পরীক্ষাটি বাতিল করা হয়। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব; এছাড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও অধিদফতরের সিড ফাইন্যান্সিং পরিচালক সদস্য হিসেবে রয়েছেন। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১০টা ৪৫ মিনিটের দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।
রাজধানীর শাহবাগ মোড়, মানিক মিয়া অ্যাভিনিউ, মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজ কেন্দ্র এবং আশাপাশের এলাকায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। ওইসব এলাকার পাশাপাশি নীলক্ষেত মোড়েও সড়ক আটকে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।
বিক্ষোভকারীরা বলেন, প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। তাদের অভিযোগ, পরীক্ষা স্থগিত হওয়ায় তারা হয়রানির শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকে দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।