
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৪:১৮

দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপস হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
গণহত্যাকারীরা ঘাপটি মেরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ৯০ এর গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, গণহত্যাকারীরা ঘাপটি মেরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপস করা যাবে না। এ সময় পূজাকে সামনে রেখে পরাজিত শক্তির অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, যারা দেশ পুনর্গঠন ও কার্যকরী সংসদকে অকার্যকর করতে চায়, তারা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সরকার যখন ইশতেহার বাস্তবায়ন করছে, তখন ফ্যাসিস্ট আর গুপ্তরা ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে।
এদিকে, সকালে দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল এবং ছাত্রদলের নেতারা।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ হন অন্যতম ছাত্রনেতা শহীদ নাজির উদ্দিন জেহাদ। ১৯৯০ সালের এই দিন (১০ অক্টোবর) অবরোধ চলাকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। জেহাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। পরে ওইদিনই গঠিত হয় সর্বদলীয় ছাত্রঐক্য। জেহাদের আত্মত্যাগে গতি পায় সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন।