
ধানের শীষে সোনালি দুর্গা, খুলনার পূজামণ্ডপে ব্যতিক্রমী আয়োজন
মুফতি আবদুল্লাহ তামিম
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২১:৩৪

মক্কায় পবিত্র হিরা পর্বতের পাদদেশে অবস্থিত হিরা কুরআন জাদুঘর
মক্কায় পবিত্র হিরা পর্বতের পাদদেশে অবস্থিত হিরা কুরআন জাদুঘর পবিত্র কুরআনের অবতরণ, সংকলন ও সংরক্ষণের ইতিহাস তুলে ধরছে আধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন প্রদর্শনীর মাধ্যমে। ঐতিহাসিক হিরা গুহার কাছাকাছি অবস্থিত এই জাদুঘর দর্শনার্থীদের জন্য কুরআনের ইতিহাস জানার পাশাপাশি ওহি অবতরণের ঐতিহাসিক প্রেক্ষাপট উপলব্ধির সুযোগ তৈরি করেছে।
ইরানের সংবাদমাধ্যম ইকনার প্রতিবেদনে বলা হয়েছে, হিরা সাংস্কৃতিক এলাকার অংশ হিসেবে গড়ে ওঠা এই জাদুঘরে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে পবিত্র কুরআনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে মক্কা ও পবিত্র স্থানগুলোর উন্নয়নে সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হিসেবে এটি বিশেষ গুরুত্ব পায়।
জাদুঘরে রয়েছে ওহি অবতরণের ইতিহাস, কুরআন সংকলনের বিভিন্ন পর্যায়, কুরআনবিষয়ক জ্ঞান, তাফসির, হিফজ ও তাজবিদ নিয়ে বিশেষ প্রদর্শনী। পাশাপাশি দুর্লভ হস্তলিখিত কুরআনের নমুনা, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং কুরআন লিখন ও মুদ্রণের ইতিহাসও তুলে ধরা হয়েছে।
আধুনিক ডিজিটাল পর্দা ও ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা প্রথম ওহি অবতরণের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর হিরা গুহায় প্রথম ওহি অবতরণের ঘটনাকে কেন্দ্র করে সাজানো এসব উপস্থাপনা কুরআনের ইতিহাসকে আরও সহজবোধ্য করে তুলেছে।
জাদুঘরটির স্থাপত্যেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। মক্কার পাহাড়ের মাটির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবনটি সাজানো হয়েছে। খিলান, তোরণ, বাঁকানো রেখা এবং আরবি ক্যালিগ্রাফির নান্দনিক ব্যবহার স্থাপনাটিকে দিয়েছে স্বতন্ত্র রূপ। ভবনের নকশায় হিরা পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য ও দৃশ্যমানতা অক্ষুণ্ন রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
জাদুঘরের ভেতরে ও আশপাশে সবুজ গাছপালা, প্রশান্ত পরিবেশ এবং পরিকল্পিত আলোকসজ্জা দর্শনার্থীদের জন্য তৈরি করেছে নান্দনিক পরিসর। স্থাপত্য ও প্রকৃতির সমন্বয়ে এখানে কেবল ঐতিহাসিক নিদর্শন দেখা নয়, বরং জ্ঞান অর্জন ও চিন্তাভাবনার সুযোগও রয়েছে।
হিরা কুরআন জাদুঘর পবিত্র কুরআনের অবতরণ থেকে শুরু করে এর লিখন, সংকলন, সংরক্ষণ ও প্রচারের ইতিহাসকে একই পরিসরে তুলে ধরছে। ফলে ঐতিহাসিক হিরা পর্বত দেখতে আসা দর্শনার্থীদের কাছে এটি কুরআনের ইতিহাস ও ইসলামি ঐতিহ্য জানার অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।