
২০২৭ সালে মহাঅষ্টমী দুই দিন, জেনে নিন দুর্গাপূজার দিনক্ষণ
ধর্ম ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

আজ বুধবার ( ২১ অক্টোবর) দেশের প্রতিটি মন্ডপে মন্ডপে বাজছে বিদায়ের সুর। ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। তিথি অনুযায়ী, আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের শারদীয় দুর্গোৎসব।
আজ বুধবার ( ২১ অক্টোবর) দেশের প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে শেষ দিনের আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গোৎসবের নির্ঘণ্ট অনুযায়ী, সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।
দেবী মায়ের প্রতিমা বিসর্জন প্রসঙ্গে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, এ বছর ঢাকার ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। সব মণ্ডপের প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে আনা হবে। বিজয়া দশমী উপলক্ষ্যে আজ বেলা তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা শুরু হবে। এরপর ঢাকার ১১টি ঘাটে শুরু হবে প্রতিমা বিসর্জন।
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, বিজয়া দশমীর দিন ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা। তাই মন্ডপে মন্ডপে দেবীর বিদায়ী সুরের বিষাদ ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে।
শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় চলতি বছরের শারদীয় দুর্গোৎসব। ৬ দিনব্যাপী অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনা শেষে আজ দশমীর দিন বিকেলে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে চোখের জলে মা দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।