
২০৩৪ সাল পর্যন্ত চেলসিতে থাকছেন কোল পালমার
ভোলের ঝড়ো সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় অস্ট্রেলিয়ার
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:৬

জর্জিয়া ভোলের সেঞ্চুরিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: সিএ
মাত্র ৮ রানে ৩ উইকেট হারানোর পর সোবহানা মুস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ঘুরে দাঁড়ানো। প্রথম বাংলাদেশি নারী হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার সেঞ্চুরির পরও লড়াই হলো একপেশে। জর্জিয়া ভোলের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে ফোবে লিচফিল্ডের অর্ধশতকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া নারী দল।
রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ সোবহানা মোস্তারির সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে।
জবাবে অস্ট্রেলিয়া ২৮.১ ওভারে লিচফিল্ডের উইকেটটি হারিয়েই লক্ষে পৌঁছে যায়। মাত্র ৯৭ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংসে দলকে জয় এনে দেন জর্জিয়া ভোল।
বাংলাদেশের দেয়া ২২১ রানের লক্ষ তাড়া করতে নেমে ভোল আরেক ওপেনার লিচফিল্ডের সঙ্গে মাত্র ১১৯ বলে ১৬২ রানের জুটি গড়েন।
লিচফিল্ড ৫১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭০ রান করে স্বর্ণা আক্তারের বলে আউট হন। এলিসে পেরিকে নিয়ে বাকি পথটা নির্বিঘ্নে পাড়ি দেন ভোল।
৯৭ বলে ১৯ চারে ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভোল। পেরি ২২ বলে ২ চারে করেন ১৯ রান।
এর আগে বাংলাদেশের ইনিংস পুরোটাই গড়ে ওঠে সোবহানা ও অধিনায়ক জ্যোতির চতুর্থ উইকেট জুটিতে ভর করে। ৮ রানে ৩ উইকেট হারানোর পর সোবহানা-জ্যোতি ১৯৫ রানের জুটি গড়েন।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান সোবহানা। ১৩৪ বলে ১৮ চারে ১১৮ রান করে শুটের বলে আউট হন তিনি। অধিনায়ক জ্যোতি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও খেলেছেন খুবই মন্থর ইনিংস। ১১৪ বলে ৭ চারে ৭৪ রান করেন তিনি। স্বর্ণা করেন ৮ রান।
মেগান শুট ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট শিকার করেন। কিম গার্থ একটি উইকেট পান।