
টেস্টে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৪:১৯

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এসিবি
পঞ্চম দিনের উইকেটেও নির্বিঘ্নেই ব্যাটিং করছিলেন সেদিকুল্লাহ আতাল ও ইকরাম আলীখিল। ক্রমেই বড় হচ্ছিল জুটি, গাঢ় হচ্ছিল টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর কপালের ভাঁজও। স্পিনারদের ধারাবাহিক ব্যর্থতায় বাধ্য হয়ে ইবাদত হোসেনের গতির শরণাপন্ন হলেন শান্ত। ফলও পেলেন। ইবাদতের বলে দুর্দান্ত ক্যাচ নিলেন লিটন দাস, আউট হয়ে অবিশ্বাসের দৃষ্টিতে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে রইলেন আলীখিল। বহুল প্রতীক্ষিত উইকেটে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পেল বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আবুধাবি টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। জয়ের জন্য তাদের এখনও দরকার ২৭৬ রান, আর বাংলাদেশের দরকার ৬ উইকেট।
সকালের সেশনে বাংলাদেশের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়েছে আফগানিস্তান। দিনের শুরুতেই হাশমতউল্লাহ শহিদি আঘাত পেয়ে মাঠ ছাড়লেও দলের হাল ধরেন সেদিকুল্লাহ আতাল ও ইকরাম আলীখিল। এই জুটি কিছুতেই ভাঙতে পারছিল না টাইগাররা।
অবশেষে লাঞ্চ ব্রেকের মাত্র এক ওভার আগে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন ইবাদত হোসেন। তার বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। ৬৯ বলে ৫ চারে ৩৩ রান করে ফেরেন আলীখিল। ভাঙে ৬৬ রানের জুটি।
তবে গলার কাঁটা হয়ে টিকে রয়েছেন সেদিকুল্লাহ। ধৈর্যের চরম দৃষ্টান্ত গড়ে ২১৬ বল খেলে ফেলেছেন তিনি। তাতে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত আছেন। লাঞ্চের পর তার সঙ্গী হবেন ইসমাত আলম।
ম্যাচ বাঁচাতে আহত হয়ে মাঠ ছাড়া হাশমতউল্লাহকেও আবার ব্যাটিংয়ে দেখতে চাইবে আফগানরা। ৩৩ বলে ২০ রান করেছেন তিনি।
এই ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার ইবাদত। ১৫ ওভারে ৩ মেডেনসহ ৪০ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। আগের ইনিংসের নায়ক হাসান মাহমুদ শিকার করেছেন বাকি উইকেটটি। একাদশে থাকা ৩ স্পিনার এই ইনিংসে এখনপর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেননি।