
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১:৩৭

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে আক্রান্ত ডিবি পুলিশ
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্য। আহতদের মধ্যে ২ জন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
ঘটনার পর তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে, পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
তবে, কী কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত; সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহত ডিবি সদস্যদের চিকিৎসা নিতে দেখেন। পরে তারা হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।
ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনা জানি না। কর্মকর্তারা সেখানে গেছেন। বিস্তারিত জেনে পরে জানাব।
প্রাসঙ্গিক: