
অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা ঘোষণা, চলবে না যেসব সড়কে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৩:৪

প্রতিটি ই-রিকশার ইকোনোমিক লাইফ টাইম হবে নিবন্ধনের সময় থেকে বারো বছর পর্যন্ত। প্রতীকী ছবি
দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধন ফি ও ই-রিকশার গতি কত হবে তা নির্ধারণ করে দিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দুইজন যাত্রী ক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার এবং নবায়ন ফি বাৎসরিক ৪ হাজার টাকা।
তিনি আরও জানান, চারজন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি ৫ হাজার টাকা।
প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন করতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ই-রিকশার অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার।
নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না জানিয়ে তিনি বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।
প্রতিটি ই-রিকশার ইকোনোমিক লাইফ টাইম হবে নিবন্ধনের সময় থেকে বারো বছর পর্যন্ত জানিয়ে তিনি বলেন, বর্তমানে চলাচলরত ই-রিকশা এখনই বন্ধ করা হবে না। মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ কিংবা অবৈধ এসব রিকশা আপাতত চলাচল করবে। তবে পর্যায়ক্রমে নিবন্ধন দেয়া হবে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই করতে হবে।
ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।