
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

গাজীপুরে দলের মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সময় সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় সন্ত্রাসী কায়দায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচার হিসেবে আবির্ভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন বিষয়ক কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কারণে যেভাবে ধরপাকড় চালানো হয়েছে, তাতে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। সরকারের এমন আচরণ দেশকে আবারও পুরনো স্বৈরাচারী ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
অন্তর্বর্তী সরকারের নীতিমালার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এ সময় তিনি অবিলম্বে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে সমর্থন জানান।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন। সামনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে না পারলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয়করণের নির্বাচন করার কোনো অপচেষ্টা হলে এনসিপি রাজপথে নামবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।