
পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্য ড. শরীফুলকে অবরুদ্ধ রাখার ঘোষণা শিক্ষার্থীদের
সুজাউদ্দিন রুবেল
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২:৩৭

তাজমীন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয় রাজুকে, ছবি: সময় সংবাদ
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন হত্যা মামলায় আলোচনায় আসা কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুকে ঘিরে একদিনের ব্যবধানে একাধিক ঘটনা ঘটেছে।
গত রোববার (১১ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটকের পর সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে আবার কক্সবাজার সদর মডেল থানায় ফেরত দেয়া হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ।
তাজমীনের সঙ্গে রাজুর পূর্বপরিচয়, তাদের যোগাযোগ এবং হত্যাকাণ্ডের আগে কক্সবাজারে একসঙ্গে অবস্থানের তথ্য যাচাই করতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে রাজুর সরাসরি সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
একদিনের মধ্যে আটকের পর জিজ্ঞাসাবাদ, ফেরত ও আদালতে সোপর্দ
পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের আদালতে দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে তাজমীন হত্যা ঘটনায় রাজুর নাম আসার পর স্থানীয় লোকজন তাকে আটক করে রেখেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা এজাহার না থাকায় এবং ঘটনাকে কেন্দ্র করে আমলযোগ্য অপরাধ সংঘটনের আশঙ্কা থাকায় রাজুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এরপর সোমবার সকালে তাজমীন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) পবিত্র সরকার কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি অধিযাচনপত্র দেন। এতে রাজুকে তদন্তের স্বার্থে গ্রেফতার করে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
অধিযাচনপত্রে বলা হয়, জান্নাতুল তাজমীনের ব্যবহৃত মোবাইলফোন নম্বরের কললিস্ট ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার আনুমানিক দুই দিন আগে তার কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থানের তথ্য পাওয়া গেছে। এ সময় রাজুর সঙ্গে তার দেখা-সাক্ষাৎ এবং হত্যাকাণ্ডের আগে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের তথ্যও পাওয়া যায়।
তাজমীনের সঙ্গে রাজুর পূর্বপরিচয় ও সম্পর্কের ধরন, যোগাযোগের কারণ, ডিজিটাল মাধ্যমে তাদের কথোপকথন এবং হত্যা মামলার বিষয়ে রাজুর কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে অধিযাচনপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার কুমিল্লা ডিবির একটি দল কক্সবাজারে গিয়ে রাজুকে নিয়ে তদন্তের বিভিন্ন বিষয় যাচাই করে। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৫টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানার ডিউটি কর্মকর্তার কাছে ফেরত দেয়া হয়। পরে ডিবির দলটি সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে জানতে তদন্তকারী কর্মকর্তা পবিত্র সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘রাজুকে নিতে কুমিল্লার পুলিশ যায়নি, তাকে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। হোটেল-সংক্রান্ত কিছু বিষয়ও তদন্তের আওতায় ছিল। সেসব যাচাই করে তাকে আবার কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজমীনের বাবা-মা রাজুর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের কাছে দিতে পারবেন।’
অন্যদিকে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, অধিযাচনপত্রের ভিত্তিতে রাজুকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে তাকে আবার ফেরত দেয়ায় কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ আদালতে সোপর্দ করে।
হোটেল মালিকের ছেলে ও স্নাতক পাসের পরিচয় দেয়ার অভিযোগ
রাজুর বিরুদ্ধে নিজেকে হোটেল মালিকের ছেলে ও স্নাতক পাস বলে পরিচয় দিয়ে জান্নাতুল তাজমীনের বিশ্বাস অর্জনের অভিযোগ উঠেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রকৃতপক্ষে রাজু একটি গেস্টহাউসের কর্মচারী এবং তিনি এসএসসি পরীক্ষাও পাস করেননি।
পুলিশের দাবি, নিজের প্রকৃত পরিচয় গোপন করে তাজমীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রাজু। পরে প্রেমের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে কক্সবাজারে নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। অন্য মেয়েদের সঙ্গেও একই ধরনের প্রতারণার অভিযোগের ইঙ্গিত পেয়েছে পুলিশ। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, ‘তাজমীন হত্যা মামলার তদন্তের স্বার্থে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি আরও জানান, ‘রাজুর সঙ্গে তাজমীনের সম্পর্ক এবং হত্যাকাণ্ডের আগে তাঁর কর্মকাণ্ডের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
গত ৪ অক্টোবর নিখোঁজ হয় জান্নাতুল তাজমীন। চার দিন পর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার সিএনজিচালক সুমন ধর্ষণের পর তাজমীনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।