
ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত এক, আহত ২০

সেন্টমার্টিন দ্বীপ। ছবি: সময় সংবাদ
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পর্যটকবাহী জাহাজ মালিক সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সী ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও জাহাজ চলাচলের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরসমূহের অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতার কারণে আগামী ১ নভেম্বর থেকে তা চালু করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, চলতি মৌসুমে সেন্টমার্টিন যাতায়তের জন্য নৌ-পরিবহন অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে ৩ টি জাহাজ চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। আরও ৭ টির জন্য আবেদন জানানো হয়েছে। এরইমধ্যে অনুমোদনপ্রাপ্ত জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাখাও হয়েছে। এ বছর থেকে জাহাজ চলাচলের জন্য সরকার পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র নেয়া বাধ্যবাধতামূলক করেছে।
অনুমোদন পাওয়া ৩ টি জাহাজ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র পেলেও আনুষঙ্গিক কিছু দাফতরিক কাজ বাকি রয়েছে জানিয়ে জাহাজ মালিকদের এ নেতা বলেন, অন্যান্য কাজগুলো শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তাই এর আগে সেন্টমার্টিনগামী জাহাজ চালু করা সম্ভব হবে না।
সম্প্রতি পাটুয়ারটেকে টুপ টুপ রিসোর্ট ও সুগন্ধা পয়েন্টস্থ দি সী প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটন ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভা শেষে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, সেন্টমার্টিন ভ্রমণে সরকারের জারি করা শর্তাবলী যাতে কোনোভাবেই ব্যতয় ঘটার সুযোগ তৈরি না হয়- এলক্ষ্যে ট্যুরিজম বোর্ড সহ সংশ্লিষ্টরা তৎপর রয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণে ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট পর্যটকদের নিবন্ধনের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম ) তাসনীম জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।