
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে নিহতের ভাগনে ইসমাঈল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন। এতে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারনামীয় আসামিরা সবাই আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং খালিয়ারচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে গত বুধবার (২১ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় ফকির জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জহিরুল আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ বাজারে তার একটি ওষুধের ফার্মেসি রয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ফকির জহিরুল ইসলাম। এরপর থেকেই প্রার্থিতা থেকে সরে যাওয়ার জন্য আসামিরা তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে বুধবার রাতে চরকিশোরগঞ্জ বাজারে নিজের ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে ছাত্রদল নেতা রিজভীর নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘যুবদল নেতা হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে রয়েছে। জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’