
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:৩৬

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহারে আকাশে ওড়ানো হচ্ছে রঙিন ফানুস। ছবি: সময় সংবাদ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নানা আচার-অনুষ্ঠান ও বর্ণিল ফানুস ওড়ানোর মধ্য দিয়ে আলোকিত হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের আকাশ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা নামার সাথে সাথেই চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী নন্দনকানন বৌদ্ধবিহার ও এর আশপাশের এলাকায় শুরু হয় জমকালো ফানুস উৎসব। হাজারো মানুষের পদচারণায় পুরো বিহার প্রাঙ্গণ রূপ নেয় সম্প্রীতির মিলনমেলায়।
দিনভর নানা ধর্মীয় আচার পালনের পর সন্ধ্যার পর থেকেই আকাশে ওড়ানো হতে থাকে শত শত ফানুস। এ সময় ঢোলের তালে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তরুণ-তরুণীরা। উৎসবে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের পাশাপাশি হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ এবং বিদেশি পর্যটকরাও অংশ নেন। উৎসবের আনন্দকে রঙিন করে তুলতে অনেকেই পরেছিলেন একই রঙের পোশাক ও টি-শার্ট।
সাধারণ ফানুসের পাশাপাশি বালিশ, লম্বাকৃতি ও গোলাকার নানা নকশার ফানুস তৈরি করেন ধর্মীয় ও তরুণ সংগঠনের সদস্যরা। এসব ফানুসের গায়ে ফুটিয়ে তোলা হয় গৌতম বুদ্ধের অহিংস বাণী, ছবি ও মানবকল্যাণের বার্তা। ফানুস ওড়ানোর পাশাপাশি আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাতের আকাশ।
আয়োজকেরা জানান, এ আয়োজনের প্রস্তুতি চলে কয়েক মাস ধরে। বাঁশের কাঠামো তৈরি, রঙিন কাগজ লাগানো ও মোম প্রস্তুতসহ প্রতিটি কাজে তরুণরা স্বেচ্ছায় শ্রম দেন। শুধু বিনোদন নয়, ফানুস ওড়ানোর মাধ্যমে সব জীবের কল্যাণ কামনা এবং সমাজে শান্তি, মৈত্রী ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়াই তাদের মূল লক্ষ্য।
উৎসব দেখতে আসা দর্শনার্থী সুমন বড়ুয়া জানান, ছোটবেলা থেকেই তিনি নন্দনকাননের এ ফানুস উৎসব দেখে আসছেন। রাতের আকাশে একসঙ্গে এত ফানুস ওড়ার দৃশ্য মনে অনন্য ভালো লাগা তৈরি করে। এদিকে উৎসব ঘিরে বৌদ্ধবিহার ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি নিয়োজিত ছিল ফায়ার সার্ভিসের টিম।