
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২১:৩

বিএনপি নেতা গোলাপ হোসেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম।
নাশকতার অভিযোগে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়ার ঘটনায় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে ঝিনাইগাতী উপজেলা বিএনপি।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ ও সদস্যসচিব লুৎফর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশটি গোলাপ হোসেনের কাছে পাঠানো হয়। নোটিশে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৫ নভেম্বর রাতে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে নাশকতার অভিযোগে গ্রেফতার করে ঝিনাইগাতী থানা পুলিশ। তবে আটকের পর ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন থানায় গিয়ে মুচলেকা দিয়ে নিজ জিম্মায় তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।
এদিকে এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে নিজেকে বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। তবে কথোপকথনের একপর্যায়ে তিনি স্বীকার করেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। তার উপজেলা পরিষদ নির্বাচন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও কাজ করেছেন।
থানা থেকে ছাড়িয়ে নেয়ার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিএনপির কর্মী। আমাকে গোলাপ মাস্টার এমনিতেই নিজের জিম্মায় ছাড়িয়ে নিয়ে গেছে।’
প্রাসঙ্গিক:

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়ে গোলাপ হোসেনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার জবাব পর্যালোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে।’
উপজেলা বিএনপির সদস্যসচিব লুৎফর রহমান জানান, দলীয় পদ-পদবি ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে মো. গোলাপ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে বক্তব্য জানতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।