
জনগণের অধিকারকে অগ্রাধিকার দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত পথসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই গণভোটের রায় বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাস্ত করব না।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় ৭০ শতাংশ জনগণ গণভোটে পক্ষে রায় দিয়েছেন, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সাথে গাদ্দারি আমরা বরদাস্ত করব না। নির্বাচনের আগে বলা হয়েছিল, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে আমরা ৩৩টি দল এটা মানতে বাধ্য থাকব। হ্যাঁ বিজয়ী হয়েছে এটা আপনাদের মানতে হবে, ধানাই-পানাই চলবে না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে বাকি ৬ দফার যন্ত্রণা এদেশের জনগণকে আর ভোগ করতে হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, ভালোয় ভালোয় মেনে নেন, না হলে জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ প্রমাণ করেছে ২০২৪ সালের মতো কোনো গুলি, বন্দুক, কামান দাগিয়ে তাদের দমানো যাবে না। এদেশের মানুষ মুক্তির রাজপথ দেখেছে। সবাই প্রস্তুত থাকুন নব্য ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন চলবে। প্রয়োজনে বুকের রক্ত দেওয়ারও ঘোষণা দেন বিরোধী দলীয় এই নেতা।
পথসভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপি নেতা সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।