
মূল্যস্ফীতির চাপে মিলছে না আয়-ব্যয়ের হিসাব, ছোট হচ্ছে বাজারের ফর্দ
বাদশাহ্ সৈকত, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫২

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নদীতে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বাঘাইড়। ছবি: সময় সংবাদ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি দেখতে স্থানীয় ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া।
সেদিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে খুচরা বিক্রি করেন সাজু মিয়া। এতে মাছটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার টাকা। বিশাল আকৃতির মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারেও এসব মাছের চাহিদা প্রচুর। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।
আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই অর্ডার দিয়ে তার কাছ থেকে এসব মাছ কেনেন। কেউ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ চাইলে তাদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থাও রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী-উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নদে দেশীয় প্রজাতির বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেয়া হচ্ছে।