
তরুণদের আন্দোলন নিয়ে মোদিকে রাহুলের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৮:০

দাদি সাবিত্রীবাঈ শঙ্কর দিপকের সঙ্গে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সংগৃহীত ছবি
বিক্ষোভে অংশ নিতে দিল্লি গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এর মধ্যেই তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার দাদি সাবিত্রীবাঈ শঙ্কর ৮৫ বছর বয়সে মারা গেছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই বিমানের ভেতর থেকে দিপকেকে আটক করে পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দেয়ার উদ্দেশে তিনি মুম্বাই থেকে দিল্লি গিয়েছিলেন। দিপকের সঙ্গে একই বিমানে ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তারাও ওই বিক্ষোভে অংশ নেয়ার জন্য দিল্লি যাচ্ছিলেন।
এর মধ্যেই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পৈতৃক গ্রামে দিপকের দাদি সাবিত্রীবাঈ শঙ্করের মৃত্যু হয়েছে। দাদির মৃত্যুসংবাদ পাওয়ার পর তার বাবা ভগবান ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।
তবে দিপকেকে আটকের পর মুক্তি দেয়া হবে কি না, কিংবা দাদির শেষকৃত্যে অংশ নিতে তাকে মহারাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয়া হবে কি না, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এমনকি দাদির মৃত্যুর খবর তাকে জানানো হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।