
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মিসভা বৃহস্পতিবার
হাসান ওয়ালী
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীতে আবরার ফাহাদের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আগ্রাসন বিরোধী সমাবেশ’-এ বক্তৃতা করছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে; কোনো ধরনের দাসত্ব বা অসম সম্পর্ক মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে গঙ্গা ও তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদের সপ্তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আগ্রাসন বিরোধী সমাবেশ’-এ বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আবরার ফাহাদ তৎকালীন সরকারের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে পোস্ট দেননি। তিনি ভারতের সঙ্গে ফেনী নদী চুক্তি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন। আবরার ফাহাদের সেই অবস্থানই স্পষ্ট করেছিল যে ভারতের আগ্রাসন বজায় রাখার জন্যই বিগত সরকার বাংলাদেশে টিকে ছিল।’
তিনি অভিযোগ করে বলেন, গত ৫০ বছরে আন্তর্জাতিক নদী আইন মেনে বাংলাদেশকে নদীর ন্যায্য হিস্যা দেয়া হয়নি। ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে গঙ্গার পানি নিয়ন্ত্রণ করা হয়েছে, যা বাংলাদেশের মানুষকে শোষণের একটি হাতিয়ার।
চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই চুক্তি শুধু নবায়ন করলে চলবে না। গ্যারান্টি ক্লজসহ নতুন করে পানি বণ্টন চুক্তি করতে হবে এবং নদী ব্যবস্থাপনায় বাংলাদেশকে সমান অংশীদারিত্ব দিতে হবে।’
দেশের সার্বভৌমত্ব ইস্যুতে কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে কোনো বৈরিতা চাই না, কিন্তু আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। পশ্চিমবঙ্গসহ প্রতিবেশী অঞ্চলের সমৃদ্ধি ও শান্তি বাংলাদেশের সুরক্ষার ওপরও নির্ভরশীল।’
এ সময় সরকারের পররাষ্ট্রনীতি ও দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, “সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিভিন্ন দেশ সফরে গিয়ে শুধুই বৈঠকের ছবি তোলা হচ্ছে, এতে বাংলাদেশের প্রাপ্তি কী তা স্পষ্ট নয়। শুধু বোয়িং বিমান কিনলেই চলবে না, আন্তর্জাতিক চুক্তির বিষয়গুলো সংসদে এনে জনগণের সামনে স্পষ্ট করতে হবে।”
একই সঙ্গে আবরার ফাহাদ, ওসমান হাদী ও জুলাই গণ-অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানান তিনি।
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহারসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।