
মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু, মেডিকেল সেন্টারগুলোতে ভিড়
প্রবাস
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:২৮

কুয়েতে কর্মসংস্থানে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশিরা। ছবি: সময় সংবাদ
কুয়েতে বিদেশি কর্মীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক। এক্ষেত্রে বাংলাদেশিরা রয়েছেন চতুর্থ অবস্থানে। বর্তমানে দেশটিতে কর্মরত বাংলাদেশির সংখ্যা ৩ লাখ ১ হাজার ৭২৬ জন।
কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস কুয়েত।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে কুয়েতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৭৭৩ জনে। ২০২৫ সালের জুনে এ সংখ্যা ছিল ২৯ লাখ ৮৬ হাজার ৫২৫। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে কর্মীর সংখ্যা বেড়েছে ৫৮ হাজার ২৪৮ জন।
একই সময়ে বিদেশি কর্মীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ২৪ জন। ফলে বর্তমানে বিদেশি কর্মীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজারের বেশি। অন্যদিকে এক বছরে কর্মরত কুয়েতি নাগরিকের সংখ্যা কমেছে ১৭ হাজার ৫৩৪ জন। বর্তমানে দেশটিতে কর্মরত কুয়েতির সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৩৮৫ জন।
গৃহকর্মী বাদ দিলে কুয়েতের শ্রমবাজারে বিদেশি কর্মীর হার ৮০.৯ শতাংশ। বিপরীতে কুয়েতি নাগরিকদের অংশ ১৯.১ শতাংশ।
কুয়েতের শ্রমবাজারে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রা। দেশটিতে তাদের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ৬৮৮ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা মিসরীয় নাগরিকের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৯৭৫ জন। এরপর রয়েছেন কুয়েতি নাগরিকেরা। আর চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশি কর্মীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ৭২৬ জন।
প্রাসঙ্গিক:
এ ছাড়া দেশটিতে কর্মরত অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে ফিলিপিনো ১ লাখ ৯৫ হাজার ১৯০ জন, নেপালি ১ লাখ ৭২ হাজার ৬৪৬ জন এবং শ্রীলঙ্কান ১ লাখ ৬৫ হাজার ৮৭১ জন।
কুয়েতের কর্মসংস্থানের বড় অংশ বেসরকারি খাতনির্ভর। দেশটির মোট কর্মীর ৫৮.৫ শতাংশ বেসরকারি খাতে কাজ করেন। গৃহকর্মী খাতে রয়েছেন ২৫.৭ শতাংশ এবং সরকারি খাতে কর্মরত ১৫.৮ শতাংশ।
সরকারি খাতে কুয়েতি নাগরিকদের আধিপত্য বেশি। কর্মরত কুয়েতিদের প্রায় ৮৩ শতাংশ সরকারি খাতে নিয়োজিত। অন্যদিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবাসী কর্মীদের অংশগ্রহণ বেশি।
কুয়েতি নাগরিক ও প্রবাসী কর্মীদের গড় মাসিক বেতনের মধ্যে বড় পার্থক্য রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে একজন কুয়েতি কর্মীর গড় মাসিক বেতন ১ হাজার ৬০৩ দিনার। বিপরীতে একজন প্রবাসী কর্মীর গড় বেতন ৩৫৬ দিনার।
শুধু বেসরকারি খাত বিবেচনায় কুয়েতিদের গড় মাসিক বেতন ১ হাজার ৪৩৩ দিনার। একই খাতে প্রবাসীদের গড় বেতন ৩২৮ দিনার।
সব মিলিয়ে কুয়েতের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে বেসরকারি খাত ও বিভিন্ন সেবামূলক পেশায় তাঁদের অবদান দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।