
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে মেয়ে
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৩:৪৪
মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলার নৌঘাঁটি বানৌজা মোংলায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নৌপথে তিনি নৌঘাঁটিতে পৌঁছান। বিকেল পৌনে ৩টার দিকে মোংলা বন্দরের জেটি ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, সুন্দরবন সুরক্ষা এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো পর্যালোচনায় সরকারি সফরে মোংলায় গেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে সফর শুরু করেন তিনি। এ সময় আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্টসহ উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপে পৌঁছান। সেখান থেকে নৌযানে মোংলার নৌঘাঁটি বানৌজা মোংলায় যান প্রধানমন্ত্রী।
নৌঘাঁটির ওয়ার্ডরুমে মধ্যাহ্নবিরতি এবং স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।
পরিদর্শনকালে বন্দরের চলমান আধুনিকায়ন প্রকল্প, নতুন কনটেইনার টার্মিনাল, কার্গো ওঠানো-নামানোর আধুনিক সুবিধা এবং পশুর চ্যানেলের খনন কার্যক্রম ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের এলাকাও পরিদর্শন করবেন তিনি।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উপকূলীয় অঞ্চলে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। তার এই সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর ও আশপাশের এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয় শিল্পোদ্যোক্তাদের আশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে মোংলা বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পশুর চ্যানেলে নিয়মিত খনন, আধুনিক যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ত্বরান্বিত হবে।
দিনব্যাপী সফর শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।