
বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

বুধবার (২৮ অক্টোবর) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাকে মারধর করা হয়। ছবি: ভিডিও থেকে নেয়া
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে সদস্য সচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেনকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআর কার্যালয়ে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুস্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ, দায়দায়িত্ব নিরূপণ ও প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তের প্রয়োজনে স্বাস্থ্য অধিদফতর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে কমিটি।
এর আগে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাকে মারধর করা হয়। এ ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ করেন আইইডিসিআরের পরিচালক।