
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১

নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান ব্যবসায়ী (সামনে বসা)। শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব পথকুকুর ও বিড়ালকে খাওয়ানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ।
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথবিড়ালকে হত্যার কথা স্বীকার করে ক্ষমা চাওয়ার পর এক ব্যবসায়ীকে ছয় মাস বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ এ নির্দেশ দেন।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম সারোয়ার হোসেন। তিনি বলগাড়ি বাজারের একজন বেকারি ব্যবসায়ী।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার রাতে দোকানের কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খাওয়ায় ক্ষুব্ধ হয়ে একটি মা বিড়ালকে ধরতে দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন সারোয়ার। একপর্যায়ে ওই ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরে গলায় দড়ি পেঁচিয়ে বিড়ালটির মৃত্যু হয়।
পরদিন দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ। মা বিড়ালটির দুটি ছোট ছানাও রয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রাণীপ্রেমী স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সারোয়ার হোসেন নিজের দোষ স্বীকার করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়।
প্রাসঙ্গিক:
নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন তিনি।
ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ বলেন, ঘটনাটি জানার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান। শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না ঘটানোর জন্য সতর্ক করা হয়েছে।