
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২১:৪৪

আইনশৃঙ্খলা সভায় কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিদেশে বসে থেকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে একটি নিষিদ্ধ গোষ্ঠী। বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। দেশ যখন গণতন্ত্রের পথে চলছে, দেশের অর্থনীতি যখন সচল হচ্ছে, কূটনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিদেশিরা বাংলাদেশের বিনিয়োগ বাড়াচ্ছে, সেইটা ফ্যাসিবাদীদের সহ্য হচ্ছে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিশেষ আইনশৃঙ্খলা সভায় কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিদেশে বসে থেকে তারা গার্মেন্টস সেক্টরকে চক্রান্ত করে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমি সহ বিএনপি নেতাকর্মীদের নামে পেট্রোল বোমা নিক্ষেপের শত শত মামলা করা হয়েছে। এই পেট্রোল বোমাগুলো মেরেছে আওয়ামী লীগ, আর মামলা দিয়েছে বিএনপি নেতা-কর্মীদের নামে।
শামা ওবায়েদ বলেন, আজকে বাস-ট্রাক পোড়াচ্ছে। নিরীহ মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। উপর থেকে ককটেল নিক্ষেপ করছে। এগুলো প্রমাণ করে আগুন সন্ত্রাস আওয়ামী লীগের দ্বারাই সম্ভব এবং আওয়ামী লীগই করছে। লগি-বৈঠার আওয়ামী লীগকে, যে কোনো মূল্যে দমন করা প্রয়োজন।
বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করে না। সর্বোচ্চ ছাড় দেয়া হয়েছে তাদের। আর নয়, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোই করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এবং সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল-ফাহাদ।
এছাড়া সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।