
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বর্ণিল খুলনা, নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে প্রত্যাশা
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২২:৬

সাজাপ্রাপ্ত আবু নকীব, ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর করা মামলায় এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আবু নকীব নামে পুলিশের সাবেক এক উপপরিদর্শক (এসআই) আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবু নকীব। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আবু নকীব নৌপুলিশের মিরপুর-১ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। স্ত্রীর করা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তাকে পুলিশ বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার বাদী জাসমীন আহমেদ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একজন নারী আইনজীবী। তিনি জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে আবু নকীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর যৌতুকের দাবিতে নকীব প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, তাকে না জানিয়ে আবু নকীব আরও একাধিক বিয়ে করেছেন।
জাসমীন বলেন, ‘একদিকে যৌতুকের দাবিতে নির্যাতন, অন্যদিকে গোপনে আরও একাধিক বিয়ে। নকীবের এসব কর্মকাণ্ড ও প্রতারণা কোনোভাবেই মেনে নিতে পারিনি। এ ঘটনায় তাকে আসামি করে ২০১৯ সালে নারায়ণগঞ্জ আদালতে মামলা করি।’
তিনি আরও জানান, ওই মামলায় ২০২৩ সালের ৩০ নভেম্বর আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাকে পুলিশ বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জাসমীন আরও বলেন, ‘রায় ঘোষণার পর থেকে আবু নকীব পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চ আদালতে আপিল করেন। তবে নিম্ন আদালতের রায় বহাল রেখে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর একই রায় দেন উচ্চ আদালত।’