
রামপুরায় স্লুইস গেটের কাছে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিবেদক, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৯:৫৮

মোংলাসহ দেশের উপকূলীয় অঞ্চলে ১৪৪ মণ্ডপে ৩৫০০ কোস্ট গার্ড নিয়োজিত করা হয়েছে। ছবি: সময় সংবাদ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলাসহ দেশের উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। দুর্গোৎসবের এই আনন্দঘন পরিবেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে কোস্ট গার্ডের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে মোংলাসহ বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ ও নিরাপত্তা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোন থেকে জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘকাল ধরে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সরকারের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট মোংলাসহ ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার মোট ১৪৪টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি। উপকূলীয় এ মণ্ডপগুলোতে ৩৫০০ কোস্টগার্ড সদস্য নিয়োজিত করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন যেকোনো ধরনের শঙ্কা বা উৎকণ্ঠা ছাড়াই অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি উদ্যাপন করতে পারেন, সেজন্য পূজার শুরু থেকেই মাঠে সক্রিয় রয়েছে কোস্ট গার্ডের বিশেষ টিম। মোংলাসহ পুরো উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে নিবিড় সমন্বয় ও যৌথ কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। এর ফলে পূজা মণ্ডপগুলো ঘিরে গড়ে উঠেছে একটি সুদৃঢ় নিরাপত্তা বলয়।
এদিকে পূজার শেষ পর্যায়ে এসে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা জারি করেছে কোস্ট গার্ড। আগামীকাল প্রতিমা বিসর্জনের সময় নদী বা উপকূলীয় বিসর্জন ঘাটগুলোতে যেকোনো ধরনের সম্ভাব্য নৌদুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সুসজ্জিত বিশেষ ডুবুরি দল ও টহল টিম প্রস্তুত রাখা হয়েছে। বিসর্জন কার্যক্রমে অংশগ্রহণকারী পুণ্যার্থী ও সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচল করার অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।
জরুরি যেকোনো পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার জরুরি সেবা নম্বর ১৬৭১১-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। নম্বরটিতে কল করার সাথে সাথেই কোস্ট গার্ডের টহল দল দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সবার সম্মিলিত সহযোগিতা, কঠোর নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য ও নজরদারির মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজার সফল ও আনন্দঘন সমাপ্তি ঘটবে।