
বাঁশের সাঁকোই ১০ গ্রামের ভরসা, নবগঙ্গায় পাকা সেতু হবে কবে?
বাংলাদেশ
জুয়েল মৃধা, যশোর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫

জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামার। ছবি: সময় সংবাদ
সম্ভাবনা থাকলেও জনবল ও প্রযুক্তির সংকটে স্থবির হয়ে পড়েছে যশোরের চৌগাছার জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামার। কৃষকরা বলছেন, লাভজনক এই ফসল চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ালে পোশাক খাতের কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা অনেকাংশে কমানো সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন কেন্দ্রের কর্মকর্তারা।
দেশের সবচেয়ে বড় এই তুলা গবেষণা খামারটি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তবে পরবর্তী সময়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এর কাঙ্ক্ষিত বিকাশ ঘটেনি। বিশেষ করে তীব্র জনবল সংকট ও আধুনিক প্রযুক্তির ঘাটতিতে জোড়াতালি দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
স্থানীয় কৃষকদের দাবি, ধানসহ অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় তুলা চাষ বেশি লাভজনক হলেও দেশে এর আবাদ সেভাবে বাড়েনি। সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ালে তুলার চাষ বহুগুণে বৃদ্ধি পেত। এতে কৃষকরা যেমন লাভবান হতেন, তেমনি দেশের পোশাকশিল্পের জন্য তুলা আমদানির ওপর নির্ভরতা কমত। পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতেও ভূমিকা রাখত।
আমজাদ হোসেন নামে এক তুলা চাষি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ধান ও পাটের তুলনায় তুলা চাষ অনেক বেশি লাভজনক। এক বিঘা জমিতে ধান চাষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও বিক্রির পর সবসময় লাভ হয় না। অথচ বীজ রোপণ থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত সঠিকভাবে পরিচর্যা করলে প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় মাত্র ১২ হাজার টাকা। বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ মণ তুলা উৎপাদন হয়। যার বাজারদর মণপ্রতি ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা। এতে বিঘাপ্রতি ৬০ থেকে ৬৫ হাজার টাকা আয় হয়। খরচ বাদে লাভ থাকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।
আলিম হোসেন নামে আরেক কৃষক বলেন, সিবি হাইব্রিড-১, রুপালি গোল্ড ও ডিএম-৪ জাতের তুলা চাষে সার ও কীটনাশকের বড় একটি অংশ সরকারিভাবে দেয়া হয়। বাকি সামান্য খরচ কৃষকদের বহন করতে হয়। জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তুলা রোপণ করা হয়। বিঘাপ্রতি ১৫ থেকে ১৬ মণ তুলা পাওয়া যায়, যা মণপ্রতি প্রায় ৪ হাজার টাকায় বিক্রি হয়। এতে বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকা আয় হয়, যা ধান চাষের চেয়ে অনেক লাভজনক।
তিনি আরও বলেন, আগে তুলা বিক্রি করতে সমস্যা হতো। এখন সরকারি লোকজন বাড়ি এসে তুলা নিয়ে যান। তাদের সহযোগিতায় চৌগাছা উপজেলায় কৃষকরা প্রায় ১০০ থেকে ১৫০ বিঘা জমিতে তুলা চাষ করেছেন। ধানে লোকসান হওয়ায় আগামীতে তুলার আবাদ ৪০০ থেকে ৫০০ বিঘায় পৌঁছাবে।
নাজমুল হোসেন নামে এক কৃষক বলেন, তুলা উৎপাদনে সরকার যে ভর্তুকি দেয়, তাতে চাষিরা পুরোপুরি লাভবান হতে পারছেন না। ভর্তুকির পরিমাণ আরেকটু বাড়ানো হলে বিদেশ থেকে তুলা আমদানির প্রয়োজন কমবে। প্রয়োজনীয় সহায়তা ও উৎপাদিত তুলার চাহিদা নিশ্চিত করা হলে দেশের কৃষকরাই পর্যাপ্ত তুলা উৎপাদন করতে পারবেন। এতে সরকারও লাভবান হবে।
হায়দার আলী নামে এক কৃষক বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জগদীশপুর তুলা ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে পরবর্তী সরকারগুলো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেয়ায় এটি কাঙ্ক্ষিত মাত্রায় উন্নত হয়নি। তুলা থেকে সুতা এবং সুতা থেকে বস্ত্র তৈরি হয়। এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি ফসল। ব্যাপক হারে উৎপাদন বাড়াতে সারাদেশে তুলা চাষ ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান তারেক রহমানের কাছে আমার অনুরোধ, তিনি যেন এই প্রতিষ্ঠানের উন্নয়নে নজর দেন। এতে তুলা উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং দেশের চাহিদা দেশেই পূরণ করা সম্ভব হবে।
অবশ্য সীমাবদ্ধতার মধ্যেও নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেয়ার দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা রাজিব কুমার দে বলেন, সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন পর্যায়ে জনবল সংকট থাকা সত্ত্বেও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।
তুলা উন্নয়ন বোর্ড এ পর্যন্ত ২৬টি উচ্চফলনশীল জাত, একটি হাইব্রিড ভ্যারাইটি এবং ‘সিবি তুলা এ-১’ নামে একটি মিউট্যান্ট ভ্যারাইটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি উদ্ভাবিত ৫০টিরও বেশি প্রযুক্তি মাঠপর্যায়ে চালু রয়েছে, যা প্রয়োগ করে কৃষকরা উপকৃত হচ্ছেন।
রাজিব কুমার দে আরও বলেন, সরকার শূন্য পদগুলোতে জনবল নিয়োগ এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিলে ২০৩০ সাল নাগাদ ৫ লাখ বেল এবং ২০৫০ সালের মধ্যে ২০ লাখ বেল তুলা উৎপাদন করা সম্ভব হবে।
প্রসঙ্গত, ১৫৭ একর জমিতে প্রতিষ্ঠিত এ তুলা গবেষণা কেন্দ্রের ২৮টি পদের মধ্যে ১৬টিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।