
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রতিবেদক, সাতক্ষীরা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২০:৪২

অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় সীমান্ত পথে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিজিবি দায়িত্বপালন করছে বলে জানিয়েছেন সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের ওই অধিনায়ক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধির মাধ্যমে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। যাতে করে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কোনো গমনাগমন অথবা অনুপ্রবেশ ঘটাতে না পারে।
এ ছাড়াও সন্দেহজনক ব্যক্তিবর্গের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সীমান্তে টহল তৎপরতা ও নিরাপত্তা ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা সীমান্তের ৫টি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে। ইতিমধ্যে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আট ব্যক্তিকে গ্রেফতার করে।
এ ছাড়াও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকায় অধিকতর নজরদারি জন্য থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা, সার্চ লাইট অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিওপিসহ ব্যাটালিয়নের সব জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি পর্যালোচনাপূর্বক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। গ্রেফতার মানবপাচারকারীদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।