
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২৩:১৫

নোয়াখালীতে জাতীয়তাবাদী মোটর শ্রমিক দলের সভাপতি মো. বেলায়েত হোসেন শিপনকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত হোসেন আহমেদ নোমানকে (২০) আটক করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে অপহৃত শিপনকে উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হোসেন আহমেদ নোমানসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা শেষে বেগমগঞ্জের চৌমুহনীর উদ্দেশে রওনা হন বেলায়েত হোসেন শিপন। পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় আদালতের সামনে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন।
এ সময় প্রধান অভিযুক্ত হোসেন আহমেদ নোমান পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখান। অন্য অভিযুক্তদের হাতে চাইনিজ কুড়াল, ধামা ও চাপাতি ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে জোর করে শিপনকে একটি অটোরিকশায় তুলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, এ সময় শিপনের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে মারধর করে জখম করা হয়।
খবর পেয়ে স্বজনরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রভারী স্কুলের দক্ষিণ পাশের পুকুরপাড় থেকে শিপনকে উদ্ধার করে। এ সময় প্রধান অভিযুক্ত নোমানকে আটক করা হয়।
এ ঘটনায় সুধারাম মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।