
নোয়াখালীতে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে মুখোশধারীদের গুলি
প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩:২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মাদক চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক কালবেলার সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়াকে কুপিয়ে মারাত্মক জখম করেছে মাদক কারবারিরা। ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের রগ কেটে গেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক আব্দুল মোতালিবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় চৌধুরীপাড়া বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি আহাদ ভূঁইয়া ও তার সহযোগীরা রামদা, চাপাতি, ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতের রগ কেটে ফেলে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে আহাদ ভূঁইয়াকে আটক করে পুলিশে দেয়। তবে তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আব্দুল মোতালিবকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া ও স্বজনরা জানান, আহাদ ভূঁইয়া সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি। সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ ও ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত সে। সম্প্রতি মাদক চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল মাদক কারবারিরা।
১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে প্রায় দেড় মাস আগে মোতালিবের দুই ছোট ভাই কবির ভূঁইয়া ও মামুন ভূঁইয়ার ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল এই মাদক কারবারিরা। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন সিলেটে চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরেছেন। এর মধ্যেই রোববার সন্ধ্যায় আবার পরিকল্পিতভাবে মোতালিবের ওপর এই নৃশংস হামলা চালানো হলো।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আহাদ ভূঁইয়া একজন মাদক ব্যবসায়ী ও ইয়াবা ডিলার। সাংবাদিক মোতালিব ভূঁইয়া এলাকার মাদক নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এতে মাদক কারবারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সবাই একজোট হয়ে সাংবাদিকের ওপর এ হামলা চালায়। পালানোর সময় আহাদ ভূঁইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’